নারীর সঙ্গে ভিডিও ভাইরালের পর বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত

এশিয়া পোস্ট ডেস্ক
নারীর সঙ্গে ভিডিও ভাইরালের পর বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত
এ কে এম আরিফ উদ্দিন। ছবি : সংগৃহীত

নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক।

Advertisement

এক নারীর সঙ্গে ওই কর্মকর্তার অন্তরঙ্গ অবস্থায় থাকা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনাও তৈরি হয়। এরপর তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ গণমাধ্যমকে এই কর্মকর্তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী কেলেঙ্কারী, দুর্নীতি ও অসদচারণের’ অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য বিআইডব্লিউটিএর কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে আদেশে।

আদেশে আরও বলা হয়, এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। এই সময়ে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে হাজিরা দিতে বলা হয়েছে।

একই আদেশে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।