বিগত আমলে নিয়োগ পাওয়া সারের সব ডিলারশিপ বাতিল: চিফ হুইপ

বিগত আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া সারের সব ডিলারশিপ বাতিল করেছে বর্তমান সরকার। তাদের পরিবর্তে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের সংসদীয় কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতক্রমে এই প্রস্তাব পাস হয়।
চিফ হুইফ বলেন, ‘ফ্যাসিস্ট আমলের ডিলাররা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে, সার আত্মসাৎ করেছে। এতে কৃষকরা ঠিকমতো সার পাচ্ছেন না। কৃষক যাতে ঠিকমতো সার পান, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।