মোবাইল টাওয়ারে ২০ মাসে ১৫৯৫৯ মিটার কেবল, ২০০৩টি ব্যাটারি চুরি

দেশের বিভিন্ন এলাকায় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি হচ্ছে। ভাঙচুরের ঘটনাও ঘটেছে কিছু জায়গায়। গত ২০ মাসের এরকম নানা ঘটনার তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
সম্প্রতি অ্যামটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়।
চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, পুলিশ সদরদপ্তর, ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের কাছেও পাঠানো হয়েছে।
এতে বলা হয়, রাজধানীর বাড্ডা, মোহাম্মদপুর, লালবাগ ও আশপাশের এলাকা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকার নেটওয়ার্ক স্থাপনায় চুরির ঘটনা ঘটছে। গত বছরের তুলনায় চলতি বছরে এসব চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চুরি হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে, বিদ্যুৎ সংযোগের তার, দূরবর্তী বেতার ইউনিট, নেটওয়ার্ক চালানোর কার্ড ও ব্যাটারি। এসব সরঞ্জাম চুরির ফলে স্থানীয়ভাবে মোবাইল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গ্রাহকদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
চিঠির তথ্যানুসারে, সবচেয়ে বেশি চুরি হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের কেবল ও ব্যাটারি। চলতি বছরের আগস্ট পর্যন্ত অপারেটরটির ৭ হাজার ৪৪২ মিটার তার, ৫৮টি দূরবর্তী বেতার ইউনিট, ২২টি নেটওয়ার্ক কার্ড ও ৭৯৩টি ব্যাটারি চুরি হয়েছে। গত বছরের একই সময়ে টেলিটকের ৬ হাজার ৭৪৯ মিটার তার, ৭৬টি দূরবর্তী বেতার ইউনিট, ১৮টি নেটওয়ার্ক কার্ড ও ৪৫২টি ব্যাটারি চুরি হয়েছিল।
আগস্ট পর্যন্ত গ্রামীণফোনের ১৫৩ মিটার বিদ্যুৎ সংযোগের তার, ৫১টি দূরবর্তী বেতার ইউনিট, ৬টি নেটওয়ার্ক কার্ড এবং ১২৩টি ব্যাটারি চুরি হয়েছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির ৫০৭ মিটার তার, ৩৩টি দূরবর্তী বেতার ইউনিট, ৭৫টি নেটওয়ার্ক কার্ড ও ২৭টি ব্যাটারি চুরি হয়েছিল।
চলতি বছরের আগস্ট পর্যন্ত রবি আজিয়াটার ২১১ মিটার তার, ১৫৭টি দূরবর্তী বেতার ইউনিট, ১০টি নেটওয়ার্ক কার্ড ও ২৭৮টি ব্যাটারি চুরি হয়েছে। গত বছর একই সময়ে চুরি হয়েছিল ৪১৭ মিটার তার, ৪৪টি দূরবর্তী বেতার ইউনিট, ৪৮টি নেটওয়ার্ক কার্ড ও ২৫৩টি ব্যাটারি।
বাংলালিংকের চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৮৯ মিটার তার, ৪৮টি দূরবর্তী বেতার ইউনিট, ৯টি নেটওয়ার্ক কার্ড ও ৫৩টি ব্যাটারি চুরি হয়েছে। গত বছরের একই সময়ে চুরি হয়েছিল ২৯১ মিটার তার, ৪১টি দূরবর্তী বেতার ইউনিট, ২৯টি নেটওয়ার্ক কার্ড ও ২৪টি ব্যাটারি।
অ্যামটব জানিয়েছে, এসব চুরির কারণে স্থানীয় পর্যায়ে মোবাইল নেটওয়ার্কের সংযোগ ও সেবা ব্যাহত হচ্ছে। নেটওয়ার্ক বন্ধ থাকলে মোবাইল অপারেটরদের আয়ও কমে যায়। চুরি হওয়া বিশেষায়িত যন্ত্রপাতি ও ভারী তার প্রতিস্থাপনে অপারেটরদের বড় ধরনের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। একই সঙ্গে বারবার সেবা বন্ধ থাকায় গ্রাহকদের আস্থা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মোবাইল অপারেটরগুলো গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ অবকাঠামোর নিরাপত্তায় বিনিয়োগ ও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরপরও এসব সম্পদ রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এসব ঘটনা ঠেকাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
তবে এতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
এ অবস্থায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে সংঘবদ্ধ অপরাধ ঠেকাতে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসির হস্তক্ষেপ চেয়েছে অ্যামটব।