জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন গঠনের আহ্বান ফুলকুঁড়ি আসরের

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সংগঠক, অন্যান্য শিশু সংগঠক, অভিভাবক এবং কয়েকশ শিশুকিশোর ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে এ প্রতিবাদ সভায় অংশ নেন।
এতে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। দাবিগুলো হলো— দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ সব শিশু সহিংসতার বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শিশু নির্যাতন ও সহিংসতার দ্রুততম বিচারের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন বাস্তবায়ন করতে হবে। অনলাইন ও অফলাইন-উভয় ক্ষেত্রেই শিশুদের সুরক্ষায় একটি স্বাধীন ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’ গঠন করতে হবে।
এতে অংশ নিয়ে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সহসভাপতি মাসুদ মান্নান বলেন, আজ আমাদের শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করায় আমরা সাধুবাদ জানাই। তবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়। আমরা এই মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকার বিভিন্ন শাখা থেকে আগত শিশুকিশোর প্রতিনিধিরা।