পররাষ্ট্রমন্ত্রী খলিলকে রাশিয়ার অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া। দেশটির পক্ষে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অধিদপ্তরের মহাপরিচালক কিরিল লগভিনভ খলিলের উদ্দেশে অভিনন্দন বার্তা দেন।
বুধবার (৩ জুন) দেওয়া এই অভিনন্দন বার্তায় খলিলু রহমানের পেশাগত গুণাবলী এবং কূটনৈতিক দক্ষতার মাধ্যমে কার্যকর এবং সফল ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে রাশিয়া।
অভিনন্দন বার্তায় কিরিল বলেন, আমরা নিশ্চিত যে তার উচ্চ পেশাদারিত্ব এবং ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা আসন্ন সেশনে জিএ-এর সফল ও দক্ষ কার্যকারিতার চাবিকাঠি হবে। আজ যখন বহুপাক্ষিক সংস্থাগুলোর ওপর আস্থা গুরুতরভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে, তখন সদস্য রাষ্ট্রের মধ্যে সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য সাধারণ পরিষদের নির্বাচিত স্পিকারের আহ্বান বিশেষ গুরুত্বপূর্ণ।
কিরিল আরও বলেন, ইতিবাচকভাবে আমরা সব সদস্য রাষ্ট্রের সহযোগিতা ও সমান অংশগ্রহণের নীতিতে সাধারণ সভার কাজ সংগঠিত করতে খলিলুর রহমানের অভিপ্রায় ‘নোট’ করতে চাই। রাশিয়ান পক্ষ তার সংবিধানের নীতিগুলো নিঃশর্তভাবে মেনে চলার ওপর ভিত্তি করে বিশ্ব নিয়ে জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কারী ভূমিকা শক্তিশালী করার মনোভাবকে সমর্থন করে। গ্লোবাল সাউথের সবচেয়ে দুর্বল দেশগুলোর আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশীদের বর্ধিত মনোযোগ স্বাগত জানাই।
জাতিসংঘ সাধারণ পরিষদের ভবিষ্যত সভাপতি হিসেবে খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতার জন্য রাশিয়া প্রস্তুত বলেও মন্তব্য করেন কিরিল লগভিনভ।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর দুই সপ্তাহ পর বিশ্ব নেতারা বার্ষিক উচ্চপর্যায়ের আলোচনা সভায় অংশ নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হবেন।
একটি গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে ঐতিহাসিক জয় লাভ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর পান ৯৯টি ভোট ও কাকোরিস পান ৯১টি ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কেউ ভোটদান থেকে বিরতও ছিলেন না।
এই জয় বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য। এটি বহুপক্ষীয় সহযোগিতা ও দেশের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই বহিঃপ্রকাশ।
আগামী সেপ্টেম্বর মাসে অধিবেশন শুরু হলে ড. খলিলুর ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন।
