Advertisement

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ ও হয়রানির প্রতিবাদে ক্র্যাবের নিন্দা

এশিয়া পোস্ট ডেস্ক
সাংবাদিক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ ও হয়রানির প্রতিবাদে ক্র্যাবের নিন্দা
সাংবাদিক মাহবুব আলম লাবলু। ছবি: সংগৃহীত

দৈনিক ‘আগামীর সময়’-এর ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্স এডিটর এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ ও মামলার হুমকি দিয়ে হয়রানি করার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব। একইসঙ্গে তাকে কোনো ধরনের হয়রানি না করার জন্য জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাইল হুসাইন ইমু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ জুলাই ও ২৭ জুন দৈনিক ‘আগামীর সময়’ পত্রিকা ও অনলাইন পোর্টালে চাঁদাবাজি ও মানবপাচার সংক্রান্ত খবর প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রকাশিত ওই সংবাদ দুটিকে কেন্দ্র করে সাংবাদিক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুত করা এবং তার বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দিয়ে ‘আগামীর সময়’ কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু বলেন, সিএমএম কোর্টের সাবেক বিচারক ও নির্বাচন কমিশনের উপসচিব মো. ছানাউল্যাহর নৈতিক স্খলন ও জাল-জালিয়াতি নিয়ে প্রতিবেদন করায় তিনি আমাকে চাকরিচ্যুত ও মামলা করার আল্টিমেটাম দিয়েছেন। তার দাবি, আমি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন করেছি। অথচ তার অপকর্মের আমলনামা আমার হাতে রয়েছে।

এক যৌথ বিবৃতিতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এ ঘটনার তীব্র নিন্দা জানান। বিবৃতিতে ক্র্যাব নেতারা বলেন, জনস্বার্থে কোনো ঘটনা অনুসন্ধান করে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে মামলার হুমকি দেওয়া ও চাকরিচ্যুতির চাপ সৃষ্টি করা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।

নেতারা অনতিবিলম্বে সাংবাদিক মাহবুব আলম লাবলুকে সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানান।