আকাশে এয়ার অ্যাস্ট্রার বিমানের ইঞ্জিনে ত্রুটি, জরুরি অবতরণ

এশিয়া পোস্ট প্রতিবেদক
আকাশে এয়ার অ্যাস্ট্রার বিমানের ইঞ্জিনে ত্রুটি, জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার চেয়ে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

পরবর্তীতে সতর্কতাস্বরূপ পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং নিরাপদে অবতরণ করেন। বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুর সবাই নিরাপদে রয়েছেন।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এশিয়া পোস্টকে বলেন, আজকে একটি বিমানে যান্ত্রিক ত্রুটির কথা শুনেছি। কিন্তু বিস্তারিত জানা নেই।

অপরদিকে এয়ার অ্যাস্ট্রা বিমানের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) এ এফ এম রুবায়াত-উল-জান্নাত এশিয়া পোস্টকে বলেন, উড়োজাহাজটিতে একটি যান্ত্রিক সমস্যা হয়েছিল, তাই এটি ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে আমরা অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করে ৭০ জন যাত্রীর সবাইকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, এটি তেমন বড় কোনো সমস্যা না। এমন ঘটনা কিছু দিন পর পরই ঘটে।