বাড়ছে শিশু হাসপাতালের পরিধি, ব্যয় হবে ৩৪৪ কোটি টাকা

অবশেষে পরিধি বাড়ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ অনুমোদন হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৩৪৪ কোটি টাকা। চলতি বছরের জুলাই থেকে আগামী ২০২৮ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তার ফেইসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
এদিন একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প তোলা হয়। যেখান থেকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্পের পাশাপাশি আরও সাত প্রকল্প- বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়), আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, ৩৩টি জেলায় সার্কিট হাউজ উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণ (২য় পর্যায়), মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট, ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প অনুমোদন পেয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এই আটটি প্রকল্পের সিংহভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে জোগানো হবে। প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়া হবে।