ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল অ্যাপেক্সের শোরুম: মহাপরিচালক

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আগুন লাগা অ্যাপেক্স শোরুমটি কোনো ধরনের ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ফায়ার সার্ভিস ডিজি বলেন, এই প্রতিষ্ঠানটি গত জুন মাসে ফায়ার লাইসেন্সের জন্য আমাদের কাছে আবেদন করেছিল। তবে আমরা তা অনুমোদন দিইনি। কারণ, ফায়ার লাইসেন্স পাওয়ার পূর্বশর্ত হচ্ছে ভবনের ‘ফায়ার সেফটি প্ল্যান’ অনুমোদিত থাকা, যা তারা সম্ভবত এখনো গ্রহণ করেনি। বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। অনুমোদন না থাকায় তাদেরকে লাইসেন্সের আওতায় আনা সম্ভব হয়নি।
ভবনের গ্লাস ও বাইরে বিলবোর্ড লাগানো প্রসঙ্গে মহাপরিচালক উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজধানীতে এমন কাঁচঘেরা ভবনের সংখ্যা অনেক। অগ্নিকাণ্ডের সময় এসব গ্লাসের কারণে প্রচণ্ড ধোঁয়ায় সাফোকেশন তৈরি হয় এবং ব্যাকড্রাফটের ঝুঁকি বাড়ে। এমন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালাতে গিয়ে গ্লাস ভাঙতে হলে ফায়ার ফাইটাররাও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমরা নিয়মিত এ বিষয়ে প্রচারণা চালাচ্ছি।
তিনি আরও বলেন, এই ভবনের সামনে দুটি বিশালাকার বিজ্ঞাপনী বিলবোর্ড লাগানো ছিল। এগুলো না থাকলে ভেতরের ধোঁয়া দ্রুত বের করে দেওয়া যেত এবং ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা আরও ত্বরান্বিত করা সম্ভব হতো।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘অ্যাপেক্স’-এর শোরুমে প্রথম আগুনের সূত্রপাত ঘটে।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


