logo

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় : প্রধান উপদেষ্টা

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় : প্রধান উপদেষ্টা

ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। খবর বাসসের

প্রধান উপদেষ্টা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, পরবর্তীকালে ১১ দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। 

‘তৎকালীন স্বৈরাচারী অপশাসন ও দমন-পীড়ন থেকে মুক্তির দাবিতে ১৯৬৯ সালের পুরো জানুয়ারি মাস ছিল আন্দোলনে উত্তাল। ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সে আন্দোলন রূপ নেয় এক ব্যাপক গণবিস্ফোরণে।’

তিনি বলেন,  সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমন-পীড়নের প্রতিবাদে সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিকসহ মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীরসহ আরও অনেকে শহীদ হন। জুলাই গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাদের এ আত্মত্যাগ এ দেশের তরুণ সমাজকে জুগিয়েছে অফুরন্ত সাহস ও অনুপ্রেরণা।

‘স্মৃতিবিজড়িত এদিনে আমি গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আসুন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাই মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তুলতে আত্মনিয়োগ করি।’

প্রধান উপদেষ্টা দেশের মুক্তি সংগ্রামের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।