লক্ষ্মীপুরে নতুন উপজেলা গঠন, যুক্ত হলো যেসব ইউনিয়ন

লক্ষ্মীপুর জেলায় নতুন একটি উপজেলা গঠন করা হয়েছে। ‘চন্দ্রগঞ্জ’ নামে এই উপজেলা গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। গত বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ প্রকাশিত হয়।
গেজেট অনুযায়ী, জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের ভিত্তিতে নতুন এ উপজেলার প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ৯টি ইউনিয়ন নিয়ে।
নতুন এই উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো- বশিকপুর, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী উত্তর জয়পুর ও কুশাখালী।
প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, জনসংখ্যার চাপ হ্রাস এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী ধাপে ধাপে নতুন উপজেলার সীমানা, প্রশাসনিক কাঠামো, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, থানা, স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে এবং জনগণের সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সময় ও ব্যয় উভয়ই কমবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হবে।



