logo

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণিপেশার মুসল্লিরা এতে অংশ নেন।

নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ মাঠে জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অজুখানা, চিকিৎসাসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের পৃথক ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ভিআইপি ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা ছিল।

সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজারের মতো নারী মুসল্লির অংশগ্রহণ ছিল।