পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) গৃহীত সমাজসেবামূলক সুপরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করছে।
সোমবার (১১ মে) সকালে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রত্যেক মেয়ে যেন ভবিষ্যৎ গড়তে পারে-রাষ্ট্র সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি পুনাক সদস্যদের বলেন, নারীরা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন পুনাক সহসভানেত্রী সাবিনা আওলাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুনাক সহসভানেত্রী সাবিনা আওলাদ। পুনাকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা। সভাপতির লিখিত বক্তব্য পাঠ করেন সাবিনা আওলাদ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টলগুলোর মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরা জেলা পুনাক, দ্বিতীয় রাজশাহী জেলা পুনাক এবং তৃতীয় লালমনিরহাট জেলা পুনাক।
প্রধান অতিথি কৃতী শিক্ষার্থী ও বিজয়ী স্টল প্রতিনিধিদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।