Advertisement

‘অলস’ পড়ে আছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘অলস’ পড়ে আছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী
সাভারে নির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ ভবন পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: এশিয়া পোস্ট

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যুক্ত চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনছে সরকার। তবে প্রশিক্ষণের জন্য ব্যবহারের কথা থাকলেও সাভারে নির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’-এর ভবনটি চার বছর ধরে অলস পড়ে রয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানটি দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ও প্রশাসনিক স্থবিরতা দেখে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। এখানে দুর্নীতির পাশাপাশি চরম অব্যবস্থাপনা ও অবহেলার ছাপ স্পষ্ট। আমি সরেজমিন পরিস্থিতি দেখেছি; এ বিষয়ে খুব দ্রুত প্রয়োজনীয় ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিতের ওপর সরকার এখন জোর দিচ্ছে।

তিনি বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে কেবল আধুনিক ভবন তৈরি করলেই কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়, যদি না সেখানে সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন থাকে। সে কারণেই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।

ড. মুহিত আরও বলেন, সাভারের এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেবল স্থানীয় পর্যায়ের জন্য তৈরি হয়নি। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা প্রধান চিকিৎসকেরা এখান থেকেই প্রশিক্ষণ পাবেন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় সুশাসন নিশ্চিতের মাধ্যমে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।