logo

দেশে ডাকযোগে পৌঁছেছে ২১ হাজার প্রবাসীর ভোট

দেশে ডাকযোগে পৌঁছেছে ২১ হাজার প্রবাসীর ভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের ভোটাধিকারের রায় দেশে আসতে শুরু করেছে। ইতোমধ্যে বিদেশ থেকে ২১ হাজার ভোটারের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।

তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২১ হাজার ৫০৮ পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। চার লাখ ২৫ হাজার ৭৮৮ প্রবাসী ভোট দিয়েছেন। এর মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোট দেওয়া শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
‎
‎বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে এ ব্যালট পাঠিয়েছে কমিশন। মঙ্গলবার সকাল পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ প্রবাসী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) ডিজিটাল উদ্যোগ ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। কমিশন প্রবাসীদের ব্যালট পেপার সংগ্রহের পর ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর অনুরোধ জানিয়েছে। 

নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনা করা হবে না।

এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধিত হয়েছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, যার অর্ধেকের বেশিই প্রবাসী। প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক এই সুযোগ পাচ্ছেন, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা (আইনি হেফাজতে) ভোটাররা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই রিটার্নিং কর্মকর্তারা সাধারণ ভোটের পাশাপাশি ডাকযোগে আসা এসব ব্যালট গণনা করবেন।