মামলা দিয়ে হয়রানি আইনের শাসনের অন্তরায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মামলা দিয়ে কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে যেসব মামলায় শয়ে শয়ে, হাজারে হাজারে আসামি করা হয়েছে এ রকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন...হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে। কিছু সুবিধাবাদী শ্রেণি... এরকম কিছু আমাদের নজরে এসেছে।
তিনি বলেন, এগুলো যাচাই-বাছাই করে আমরা ফাইন্ড আউট (খুঁজে বের) করব, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
মন্ত্রী বলেন, যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে সেগুলোর মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে৷ আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই। রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা আমরা যাচাই-বাছাই করে প্রত্যাহার করার বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি। এটার যাতে অপব্যবহার না হয় সেটা যাচাই-বাছাই করে কী করা যায় দেখব।
এর আগে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।