মে মাসে তেলের দাম বাড়বে কি না জানালেন জ্বালানিমন্ত্রী

দেশে আগামী মে মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে এবং তা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে উল্লেখ করে টুকু বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে ১ লাখ ৬৪ হাজার ৯৪৪ টন ডিজেল মজুত রয়েছে। এ ছাড়া এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন পেট্রোল আমদানি করা হবে।