শপিং মল-দোকানপাট খোলা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন সময় নির্ধারণ

আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়ে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পূর্বের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা থাকবে।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবার দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হলো।