logo

হাসান নাসিমের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ঢাবি ছাত্রশক্তির

হাসান নাসিমের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ঢাবি ছাত্রশক্তির

জাতীয় সংসদের সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে কার্টুন শেয়ারের অভিযোগে অনলাইন অ্যাকটিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেপ্তারের পর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক বিবৃতিতে কার্টুন শেয়ারের ঘটনায় সাধারণ নাগরিককে গ্রেপ্তার ও হয়রানির গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

এতে বলা হয়, মামলার এজহারে হুইপ নূরুল ইসলামকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং তার হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন ফেসবুক পোস্টের স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ আনা হয়েছে; সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জাতীয় ছাত্রশক্তি মনে করে, হাসান নাসিমকে বেআইনিভাবে গ্রেপ্তার করে পুলিশ চরম অপেশাদারিত্বমূলক আচরণ করেছে।

বিবৃতিতে ঢাবি ছাত্রশক্তির নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার এমপি-মন্ত্রীদের নিয়ে কটূক্তির/কার্টুন প্রকাশের জন্য গ্রেপ্তার করা হতো। আমরা এখনও দেখছি সেই কালো আইনে আবারও নাগরিকদের হয়রানি করা হচ্ছে।

এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে একইভাবে আটক হওয়ার বিভিন্ন ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, সরকারের সমালোচনা করা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। ভিন্নমত প্রকাশ করলে নাগরিকের নামে মিথ্যা মামলা ও হয়রানি সুষ্ঠু গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত। জাতীয় ছাত্রশক্তি সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিবেন না। অনতিবিলম্বে হাসান নাসিমসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে।