এশিয়া পোস্ট কার্যালয় পরিদর্শনে রুশ দূতাবাসের প্রতিনিধি

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক গণমাধ্যম এশিয়া পোস্টের কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের প্রেস এটাচে সোফিয়া কুতেপোভা।
সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে অবস্থিত এশিয়া পোস্টের প্রধান কার্যালয়ে আসেন তিনি।
এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় রাশিয়ার দূতাবাসের পক্ষে শুভেচ্ছা জানাতে আসেন সোফিয়া কুতেপোভা।
এ সময় তাকে স্বাগত জানান এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ। পরে উভয়ে এক সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠক শেষে সোফিয়া কুতেপোভাকে এশিয়া পোস্টের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরে কার্যালয় ও সংবাদকর্মীর পরিধি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এরপর সোফিয়া কুতেপোভা এশিয়া পোস্টের সংবাকর্মীদের নিয়ে কেক কাটেন এবং রাশিয়ার দূতাবাসের পক্ষে বাংলায় শুভেচ্ছা বক্তব্য দেন।
ঢাকার রাশিয়া দূতাবাস ও এশিয়া পোস্ট ভবিষ্যতে গণমাধ্যম ও মিডিয়া-সম্পর্কিত বিষয় নিয়ে যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।
আগামী অক্টোবরে রাশিয়ার সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের কথা রয়েছে উল্লেখ করে সোফিয়া জানান, এই সফরে তার দেশের সাংবাদিকদের এশিয়া পোস্ট কার্যালয় পরিদর্শনে আনার উদ্যোগ নেবেন তিনি। উভয় পক্ষের মধ্যে মেধা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে সম্পাদক পলাশ মাহমুদের কাছে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন সোফিয়া। একই সঙ্গে এশিয়া পোস্টের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা স্যুভেনির দেওয়া হয়।



