logo
Advertisement

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

এশিয়া পোস্ট প্রতিবেদক
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে উন্নীত করতে একমত হয়েছে। পাশাপাশি বন্দর, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

Advertisement

মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে ‘সমন্বিত অংশীদারিত্বে’ উন্নীত করার প্রস্তাব দেন।

দুই নেতা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন এবং সংলাপ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক নৌবাণিজ্য পথের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে সৌদি নেতৃত্বাধীন মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনে (এমএমডিসি) বাংলাদেশ অংশ নিয়েছে।

সৌদি ভাইস মিনিস্টার দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরে বিশেষ করে বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের বন্দর, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে সৌদি আরবের আগ্রহের কথা জানান। একই সঙ্গে দ্রুত ঢাকায় তৃতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা এবং ১৫তম বাংলাদেশ-সৌদি যৌথ কমিশনের বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সৌদি আরবের মানবিক ও রাজনৈতিক সহায়তার প্রশংসা করেন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনে সৌদি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ ছাড়া নিরাপত্তা, বিনিয়োগ ও বহুপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে সৌদি আরবের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ পারস্পরিক স্বার্থে দীর্ঘদিনের বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি বর্তমানে দুই দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন। তার নেতৃত্বে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে দুইজন ডেপুটি মিনিস্টারসহ সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।