জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার নির্দেশনা নেই : ইসি

জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিল ও নির্বাচনের বাইরে রাখার বিষয়ে কোনো নির্দেশনা নির্বাচন কমিশনের (ইসি) প্রতি নেই। তাই যারা নিবন্ধিত দল, তারাই নির্বাচন করবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী হিসেবে ফ্যাসিবাদ কায়েম করার পেছনে ভূমিকা থাকায় জাপার নিবন্ধন বাতিল ও তাদের ভোটের বাইরে রাখার দাবি তুলেছে গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঐক্য পরিষদ। তারা বারবার দাবি জানিয়েছে নির্বাচন কমিশনে।
এ বিষয়ে ইসির অবস্থান জানতে চাইলে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে, যারা নিষিদ্ধ করবেন (সরকার) বা তাদের কার্যক্রম বন্ধ করবেন, এ রকম কোনো আদেশ পাইনি। সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছে, যারা মনোনয়ন পেয়েছেন, তারা নির্বাচন করবেন।
দাবি উঠতেই পারে। এটা রাখা না রাখার আইনি সুযোগ থাকতে হবে বলেও জানান মো. আনোয়ারুল ইসলাম সরকার।
এর আগে গত ৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে থাকুক, কমিশনকে এই কথা বলেছি।
তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি তাদের নির্বাচনের মাধ্যমে পুনর্বাসন চাই না। কমিশন বলেছে তারা আইনের মধ্য থেকে বিধিবদ্ধভাবে ব্যবস্থা নেবে।