স্পেশালাইজড হাসপাতালে ৬টি সফল লিভার প্রতিস্থাপন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে সরকারি বরাদ্দে সম্পূর্ণ বিনামূল্যে ছয়টি লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আরও চারটি লিভার প্রতিস্থাপনের জন্য রোগী নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ চলছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিবছর এই হাসপাতালে ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট তিন দফায় ছয়টি লিভার প্রতিস্থাপন করা হয়েছে। প্রথম দফায় ১ ও ২ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ৩ ও ৪ জুলাই এবং সর্বশেষ ১১ ও ১২ সেপ্টেম্বর অস্ত্রোপচারগুলো সম্পন্ন হয়।
এসব অস্ত্রোপচারে বিএমইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কারিগরি সহযোগিতা দিয়েছে ভারতের হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি (এআইজি) হাসপাতালের বিশেষজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিম।
অস্ত্রোপচারগুলো বাস্তবায়নে বিএমইউর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, হেপাটোলজি এবং অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগসহ মোট ১৯টি বিশেষায়িত বিভাগ যৌথভাবে কাজ করেছে।
অধ্যাপক সিদ্দিকী জানান, প্রতিটি অস্ত্রোপচারের আগে দাতা ও গ্রহীতার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং যাবতীয় আইনগত ও নৈতিক প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলা হয়েছে। বর্তমানে সুপার স্পেশালাইজড হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের মাধ্যমে রোগীদের ফলোআপ ও নিয়মিত সেবা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, রোগীদের আস্থা তৈরি করা চ্যালেঞ্জিং হলেও দৃঢ় মনোবল নিয়ে চিকিৎসাসেবার মান বাড়াতে সবার সহযোগিতা প্রয়োজন। ধারাবাহিক এই কার্যক্রম দেশে উন্নত লিভার প্রতিস্থাপন সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএমইউ কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।
