মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুদিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, সফরে কয়েকটি দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
তিনি জানান, সম্মেলনে বাংলাদেশের জন্য গ্রিন ও ব্লু নামে দুটি জোন থাকবে। গ্রিন জোনে বাংলাদেশ পাটজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করবে। সেখানে পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হবে। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণসংক্রান্ত একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া ব্লু জোনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ ও ১৩ নভেম্বর দুটি পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি বাংলাদেশের নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অন্যটি কৃত্রিম পলিমারজাত পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত ও বর্জ্যবিহীন পণ্যের ব্যবহার সম্প্রসারণ নিয়ে।
পররাষ্ট্র সচিব বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পলিমারজাত পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবে বাংলাদেশ।
তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত কম, মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। এ বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, অভিযোজন অর্থায়ন বৃদ্ধি, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।
পররাষ্ট্র সচিব জানান, কপ-৩১-এ বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও অংশীজনের সঙ্গে সমন্বয় করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র সচিব জানান, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপরাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের আয়োজনের প্রক্রিয়া চলছে।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য বৈঠকে সামরিক সহযোগিতার মতো নির্দিষ্ট কোনো বিষয় আলোচনায় আসবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকটি দ্বিপক্ষীয় সফরের অংশ নয়, বরং সৌজন্য সাক্ষাৎ। তাই এতে সুনির্দিষ্ট কোনো বিষয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা কম। সামগ্রিক সহযোগিতার বিষয়গুলোই আলোচনায় আসতে পারে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, প্যারিস চুক্তির অংশ হিসেবে উন্নত দেশগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী সব সময় সহযোগিতা পাওয়া যায় না। এ কারণে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সম্মিলিতভাবে এ সহযোগিতা বাড়ানোর দাবি জানাতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) গুরুত্বপূর্ণ সদস্য এবং সম্প্রতি স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়কের দায়িত্ব পালন করেছে। এসব প্ল্যাটফর্মে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কপ-৩১-এ প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসব বিষয় জোরালোভাবে তুলে ধরবেন।
পররাষ্ট্র সচিব আরও বলেন, কপ-৩১ থেকে শুধু বাংলাদেশের জন্য কী পাওয়া যাবে, সেটিই মুখ্য নয়। বরং উন্নত দেশগুলোর কাছ থেকে উন্নয়নশীল দেশগুলো কীভাবে আরও বেশি সহযোগিতা পাবে, সেটিই সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিভিন্ন হিসাব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মাধ্যমে দেশের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
