ধর্ষকদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সারা দেশে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় দাদি ও নাতনির মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও কঠোর নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলা হয়, বাড়ির উঠান থেকে দাদির এবং পাশের সরিষা ক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত ও লজ্জিত করেছে। এটি কেবল একটি পরিবারের ওপর পাশবিক হামলা নয়; বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নির্মম বহিঃপ্রকাশ।
‘দেশে ধারাবাহিকভাবে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। ধর্ষকরা বারবার আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসছে, বিচার দীর্ঘসূত্রতায় ঝুলে থাকছে—ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এ ধরনের নৃশংসতা প্রমাণ করে, অপরাধীদের মধ্যে আইনের প্রতি ন্যূনতম ভয়ও অবশিষ্ট নেই।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আরও জানায়, একটি সভ্য রাষ্ট্রে নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে নারী ও শিশু আজ ঘরেও নিরাপদ নয়, মাঠেও নয়। দাদি-নাতনির মতো নির্মম হত্যাকাণ্ড ও সম্ভাব্য ধর্ষণের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি, তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি রোধ এবং অপরাধীদের রাজনৈতিক-সামাজিক প্রভাবমুক্ত বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে, যাতে সমাজ থেকে এই ঘৃণ্য ব্যাধি নির্মূল হয়।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তবে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকরের জোর দাবি জানাচ্ছি। আল্লাহ যেন নিহতদের মাগফিরাত দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—এই দোয়া করছি।