জুলাই গণঅভ্যুত্থান ছিল তরুণদের আত্মপরিচয়ের আন্দোলন: ব্যারিস্টার ফুয়াদ
-bd7faa.jpg)
লড়াই ছাড়া একটি জাতি টিকে থাকতে পারে না এবং একটি জাতির টিকে থাকার শর্তই হচ্ছে লড়াই—এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, একটি জাতি যখন ঘুমিয়ে যায় কিংবা চৈতন্য হারিয়ে ফেলে, তখন রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হয় তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলা। জুলাইয়ের লড়াই ছিল মূলত তরুণদের সেই আত্মপরিচয় সন্ধান এবং লড়াইয়ের ইতিহাস স্মরণ করার একটি প্রক্রিয়া।
সম্প্রতি এশিয়া পোস্টের ধাবাবাহিক অনুষ্ঠান আলাপন-এ এসে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ জানান, জুলাই অভ্যুত্থানের আগে এই তরুণ প্রজন্মকে নিয়ে দেশের মানুষ হতাশ হয়ে পড়েছিল। তারা ফুটবল, ক্রিকেট, কনসার্ট কিংবা মাদকের নেশায় মজে থাকত এবং দেশ কোন পথে যাচ্ছে তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। তিনি বলেন, তরুণদের এই নির্লিপ্ততা মূলত আওয়ামী লীগ সরকারকে আরও শক্তিশালী ও স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ করে দিয়েছিল।
তিনি আরও বলেন, সেই সময় গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের একটি অংশ ফ্যাসিবাদের দালালিতে লিপ্ত হয়ে তাদের প্রকৃত দায়িত্ব ভুলে গিয়েছিল। পদ্মা সেতু বা মেট্রোরেল নির্মাণ মানেই যে দেশ সঠিক পথে আছে, সেই ধারণার বাইরে গিয়ে বাস্তবতা তরুণদের সামনে তুলে ধরা হয়নি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই পরিস্থিতিতে রাজনৈতিক কর্মীদের দায়িত্ব ছিল তরুণদের তাদের পূর্বপুরুষদের লড়াইয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া। কারণ ব্যক্তিগত জীবনের মতো জাতীয় জীবনেও সংগ্রাম ছাড়া কোনো অর্জন সম্ভব নয়।
.png)






