শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। আজ বুধবার (৪ মার্চ) নতুন করে আরও ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এরমধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।
এদিকে ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ফ্লাইট বাতিলের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ী যাত্রীরা। সঠিক সময়ে তথ্য না পাওয়া, টিকিটের সময় পরিবর্তনের জটিলতা এবং অনিশ্চয়তার কারণে অনেককে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।
সেসব ফ্লাইট বাতিল হয়েছে, সেগুলোর যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্সির সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া যেসব যাত্রীর রাত্রিযাপনের কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে যে, বাসা থেকে রওনা হওয়ার আগে যেন তারা অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেন। পাশাপাশি সব যাত্রীকে ধৈর্য ধারণ ও সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।