logo

দুই শ্রেণির ভিসাধারীদের প্রতি মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

দুই শ্রেণির ভিসাধারীদের প্রতি মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

যুক্তরাষ্ট্রের বি১ ও বি২ ভ্রমণ (ভিজিটর) ভিসা নিয়ে দেশটিতে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য কঠিন হুঁশিয়ারি ও নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, পর্যটন ভিসার আড়ালে নির্দিষ্ট কিছু কাজ করলে বাতিল হতে পারে ভিসা, এমনকি চিরতরে নিষিদ্ধ হতে পারেন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে।

দেশটিতে সন্তান জন্মদানের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়েছে, বি১-বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মূলত শিশুর মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যারা এই পথ বেছে নেন, যা ‘বার্থ টুরিজম’ নামে পরিচিত, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন।

দূতাবাস সাফ জানিয়ে দিয়েছে, এই আচরণ ভিসার নিয়মের এক সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন।

ভিজিটর ভিসাধারীদের জন্য আয়ের পথও বন্ধ করা হয়েছে। এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক বা বেতন নেওয়া যাবে না। পর্যটন ভিসায় কেউ কোনো ধরনের বেতনভিত্তিক কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন না। তবে শুধু ব্যবসা-সংক্রান্ত আলোচনা বা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অনুমতি বহাল রাখা হয়েছে।

অনেকেই ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা শুরু করতে চান। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, এই ভিসা দিয়ে কোনো ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না। কেউ যদি পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে চান, তবে তাকে অবশ্যই আলাদা স্টুডেন্ট ভিসা (এফ-১) সংগ্রহ করতে হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসন ও ভিসা-সংক্রান্ত নীতিতে যে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে, তারই ধারাবাহিকতায় এসব সতর্কবার্তা দিল দূতাবাস।

ঢাকার দূতাবাস হুঁশিয়ারি দিয়ে বলছে, এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক ভিসা বাতিলসহ যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সাধারণ পর্যটক ও ব্যবসায়ীদের জন্য এই নির্দেশনাগুলো মেনে চলা এখন বাধ্যতামূলক বলেও বার্তায় জানানো হয়েছে।