ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭১৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেটে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২১৯ জন মারা গেছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৪৬ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩১ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।
