পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা

পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষণা করা সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সময়সূচি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর। এর পরদিন (২৯ অক্টোবর) আপিল নিষ্পত্তি করা হবে।
এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১ নভেম্বর। এর পরদিন (২ নভেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপরই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং শূন্য পদ পূরণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করে। তারই ধারাবাহিকতায় আজ আসনটিতে উপনির্বাচনের তপশিল জারি করল ইসি।
