logo

বাঁধ নির্মাণে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদমন্ত্রী

বাঁধ নির্মাণে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণকাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। কাজের মান ও সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

সিলেটে বন্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট অঞ্চলে প্রায়ই বন্যা হয়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চালেঞ্জ মোকাবিলায় কিছু প্রকল্প চলমান আছে। নতুন আরও কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এখানে দ্রুত যেসব কাজ করা প্রয়োজন তা করা হবে।

এক প্রশ্নের জবাবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সরকারের উদ্যোগ মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। এ দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে- লাখ কোটি টাকা এবং দুর্নীতি নামক ব্যাধিটি আমাদের আঁকড়ে ধরেছিল। সুতরাং এ দেশটিকে দুর্নীতিমুক্ত করা আমাদের একটি কঠিন চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এভাবে নিচ্ছি- জনসাধারণের জন্য যেটা প্রয়োজন, সেটা আমরা পাহারা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব, যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নেব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস- সুরমা, কুশিয়ারা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো খুব দৃশ্যমান হবে এবং জনগণ সেটা বুঝতে সক্ষম হবে যে এই কাজগুলো খুব দায়িত্ব থেকে, দায়িত্বশীল অবস্থা থেকে সম্পন্ন হয়েছে।

পরে তিন মন্ত্রী সিলেট সদর উপজেলার সুরমা ও চেঙেরখাল নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।