logo
Advertisement

বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: সেতু প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: সেতু প্রতিমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: বাসস

দেশে ধর্মের নামে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করার কোনো সুযোগ নেই মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এই দেশে সবার অধিকার সমান।’

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগ এলাকার একটি স্থানীয় কালী মন্দিরে আয়োজিত শুভ জন্মাষ্টমীর বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সবুজবাগ এলাকার সার্বিক শান্তি ও সম্প্রীতির কথা স্মরণ করে হাবিবুর রশিদ বলেন, ‘২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই এলাকার সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি সাধারণ মানুষের এই ভালোবাসার মর্যাদা রাখব। যতদিন রাজনীতিতে সক্রিয় থাকব, ততদিন নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব।’

দেশগঠন ও সমান অধিকারের গুরুত্ব তুলে ধরে সেতু প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এমন কোনো বৈষম্যমূলক বাংলাদেশ দেখতে চাই না, যেখানে নাগরিকদের ‘সংখ্যাগুরু’ বা ‘সংখ্যালঘু’ হিসেবে বিচার করা হবে। রাষ্ট্র সবার জন্য সমান।

এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রতি শতভাগ সুরক্ষার প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘রাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিরাপত্তা পাওয়ার সাংবিধানিক অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে এবং সরকার তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’