logo

সহযাত্রী হিসেবে এশিয়া পোস্টের সঙ্গে থাকব : জিএম কাদের

সহযাত্রী হিসেবে এশিয়া পোস্টের সঙ্গে থাকব : জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ছবি : এশিয়া পোস্ট

সহযাত্রী হিসেবে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক গণমাধ্যম এশিয়া পোস্টের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (১১ মে) বিকেলে রাজধানীর তোপখানা রোডের সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি এ আশ্বাস দেন।

জি এম কাদের বলেন, এশিয়া পোস্টের সহযাত্রী হিসেবে তাদের সহযোগিতা করব, তাদের সঙ্গে থাকব। আমি সর্বাত্মকভাবে এশিয়া পোস্টের সাফল্য কামনা করছি। সামনের দিনগুলোতে দেশ ও জাতির কল্যাণে স্বাভাবিকভাবে রাজনীতির একটি নতুন ধারার উদ্দেশ্যে তাদের যে পদচারণা আমি তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে জি এম কাদের বলেন, আমাদের দেশে সংবাদমাধ্যমগুলো এখন সহজভাবে চলতে পারছে না। নানাভাবে চাপ ও নানা সমস্যায় জর্জরিত এ মাধ্যম। সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে পারছেন না।

তিনি বলেন, সংবাদমাধ্যমগুলো সঠিক তথ্য তুলে ধরুক। তাদের মাধ্যমে কী হচ্ছে, জাতি যেন তার প্রতিবিম্ব দেখতে পায়। সরকারের জবাবদিহি নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত জরুরি বিষয়।

কাদের বলেন, এশিয়া পোস্ট সমস্ত চাপের বাইরে থাকার জন্য বড় কোনো ব্যবসায়ীর সঙ্গে যুক্ত না থেকে তরুণ কিছু সাংবাদিক নিজস্ব দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির স্বার্থে সত্য তুলে ধরার জন্য এগিয়ে যাচ্ছে। এশিয়া পোস্টের সহযাত্রী হিসেবে তাদের সহযোগিতা করব, তাদের সঙ্গে থাকব।