logo

এবার রাসিক প্রশাসকের বিদেশযাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

এবার রাসিক প্রশাসকের বিদেশযাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কবাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য দেশটিতে যাওয়ার আবেদন করেছিলেন তিনি।

তবে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাব অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সারসংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে এই দুই কর্মকর্তা আবেদন জমা দেন।

প্রস্তাবের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন। এ জন্য তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।’

এ ছাড়া প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বুয়েট ও দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

সূত্রগুলো আরও জানায়, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রীয় যে কোনো উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যে কাজের সঙ্গে যাদের সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত কোনো সম্পর্ক নেই, তাদের বিদেশ ভ্রমণে পাঠিয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় করতে চান না।

এর আগেও মশা নিয়ন্ত্রণব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্য কর্মকর্তাদের একটি যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।