logo

একই বিমানে মরিশাস যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

একই বিমানে মরিশাস যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে একই বিমানে চেপে মরিশাসে যাচ্ছেন একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে। এর আগে প্রথমে দিল্লিতে দুই দিনের দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হবে। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক হবে। 

সোমবার (৬ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৯ এপ্রিল সকাল ৮টা থেকে এয়ার মরিশাসের বাণিজ্যিক বিমানে একটানা সাত-আট ঘণ্টার দীর্ঘ সফরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে যথারীতি।

বিশেষ করে মাত্র দু-তিন মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সে দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শংকরের একসঙ্গে দীর্ঘ বিমানযাত্রার সিদ্ধান্তই বলে দেয় দুই দেশই তাদের সম্পর্ক ‘রিক্যালিব্রেট’ করতে চাইছে।

বিবিসি জানিয়েছে, ৭ এপ্রিল দিল্লিতে পা রাখার পর ৯ এপ্রিল সকালেই দিল্লি থেকে খলিলুর রহমান সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন জয়শংকর।

দুই দেশের কর্মকর্তারাই বিষয়টি বিবিসির কাছে নিশ্চিত করেছেন।

ওই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর দিল্লির শীর্ষস্থানীয় থিংকট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’।

এই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পদে আছেন আরএসএস তথা বিজেপি নেতা রাম মাধব। সুতরাং, দিল্লির পরে মরিশাসেও আবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ও কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ থাকবে।

অন্যভাবে বললে, দিল্লিতে মাত্র আটচল্লিশ ঘণ্টার কম সময় অবস্থান করলেও খলিলুর রহমানের ‘ভারত সফর’ কার্যত চার-পাঁচ দিনের মেয়াদ পেতে চলেছে। এ সফরের কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ।