logo

ফুল-জমজমের পানি দিয়ে ফিরতি হজযাত্রীদের অভ্যর্থনা জানালো বিমান বাংলাদেশ

ফুল-জমজমের পানি দিয়ে ফিরতি হজযাত্রীদের অভ্যর্থনা জানালো বিমান বাংলাদেশ
ছবি : এশিয়া পোস্ট

প্রথম ফিরতি হজ ফ্লাইটের হজযাত্রীদের অভ্যর্থনা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব কাইজার সোহেল আহমেদ।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আগত হজযাত্রীদের এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, হজ যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম ফ্লাইট বিজি-৩৩৬ জেদ্দা থেকে ঢাকায় শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ ফ্লাইটে আগত হজযাত্রীদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানি প্রদানপূর্বক আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। একইসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে। ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত পরিচালিতব্য পোস্ট-হজ কার্যক্রমে মোট ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে তার পেশাদারিত্ব ও সেবার অঙ্গীকার অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

তিনি বলেন, সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজযাত্রীদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানান।