logo

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী
সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: বিটিভির ভিডিও থেকে নেওয়া

বিগত সরকারের সময়ে রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সদস্য কেরামত আলী জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কী কারণে এগুলো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ হবে, এর কোনো রোডম্যাপ আছে কি না?

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জেলা পর্যায়ের কমিটিগুলো কীভাবে কাজ করে, সে বিষয়ে জবাবে বলা হয়, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কিনা, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে।

পরবর্তী সময়ে জেলা কমিটিগুলোর সুপারিশে পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছর (২০০৯ সাল) ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

জবাবে আরও উল্লেখ করা হয়, মামলা প্রত্যাহারের আবেদনপ্রাপ্তি এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে, তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নির্ধারিত নিয়মে আবেদন না করায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে জামায়াতে ইসলামীর কিছু রাজনৈতিক মামলা প্রত্যাহার করা যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

কেরামত আলীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই অঞ্চলে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে করা মামলাগুলোর আবেদন নির্ধারিত নিয়মে জমা দেওয়ায় সেগুলো প্রত্যাহার করা হয়েছে। কিন্তু জামায়াতের আবেদনগুলো ঠিকভাবে পূরণ না করায় ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানান আইনমন্ত্রী।

এদিন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে দায়ের করা হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। যদিও ধর্ষণ মামলা এ সিদ্ধান্তের বাইরে থাকবে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে এবং মামলা রাজনৈতিক প্রকৃতির বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে এখন মামলা আছে-শুধু রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক ন্যাচারের (প্রকৃতির) হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। তো এখানে ইফস অ্যান্ড বাটসের সুযোগ নেই।

তিনি আরও বলেন, কোনো মামলার এজাহারে রাজনৈতিক মামলা বলে উল্লেখ থাকে না। এ কারণে রাজনৈতিক নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

জয়নুল আবদিন ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি। আদালতের মাধ্যমে তাদের মামলাগুলো নিষ্পত্তি হয়েছে।

ফারুক তার প্রশ্নে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছিল। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ থাকাকালে একই দিনে দেশের ৬৪টি জেলায় তার বিরুদ্ধে ৬৪টি মামলা করা হয়। এসব মামলা প্রত্যাহার হয়নি বলে দাবি করে তিনি মামলা প্রত্যাহারের বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবি জানান।