৩ বিভাগে বন্যার আশঙ্কা

দেশের অভ্যন্তরে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের অন্তত ১০টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব এলাকার প্রধান নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থার সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা আগামী ১ থেকে ২ দিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিচু এলাকায় পানি বিপদসীমা ছাড়িয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ অঞ্চলের নদীগুলোর পানি আপাতত স্থিতিশীল থাকলেও আগামী ২৪ ঘণ্টায় তা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।
আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং সীমান্তসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন অব্যাহতভাবে বৃদ্ধি পেতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের গোমতী, হালদা ও ফেনী নদীর পানিও আগামী তিন দিন বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো।
হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় ও নদী অববাহিকার সর্বস্তরের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
.png)

