তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, কারণ জানালেন জাপানের মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন দেশটির বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া। ওই সময় তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে তারেক রহমানের নাম না লিখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসে। ওই ঘটনার কারণ জানিয়েছেন রিওসেই আকাজাওয়া।
শুক্রবার (৬ নভেম্বর) টোকিওতে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি জানেন, অথচ দুজনের ছবিসহ পোস্টে স্বয়ংক্রিয় অনুবাদের সময় তারেক রহমানের জায়গায় চলে এসেছিল শেখ হাসিনার নাম।
এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।
এমন ভুলের জন্য ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের সমালোচনা করেন জাপানের এই মন্ত্রী। তিনি জানান, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ-সুবিধা তাকে বিব্রতকর এক কূটনৈতিক পরিস্থিতিতে ফেলেছিল। অনুবাদে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যেন, যাদের সঙ্গে বৈঠক করছেন সেই বিশ্বনেতাদের নামই তিনি জানেন না।
রিওসেই আকাজাওয়া সাংবাদিকদের বলেন, ‘বিষয়টা গুরুতর। বাংলাদেশের জনগণের মনে এ ধারণা তৈরি হতে পারে যে, আমাদের (বাংলাদেশের) প্রধানমন্ত্রী কে তা জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানেনই না।’
এর আগে গত ২৮ অক্টোবর এক্সে জাপানি ভাষায় দেওয়া আলোচিত পোস্টটিতে বলা হয়, জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদ টুল ইংরেজি অনুবাদ এমনভাবে করে বসে। যার ফলে মনে হচ্ছিল আকাজাওয়া দাবি করছেন, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।
রিওসেই আকাজাওয়ার জন্য বিষয়টি বেশি বিব্রতকর, কারণ, অনুবাদের এমন গোলযোগের শিকার তিনি আরও হয়েছেন।
জাপানের বাণিজ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠক নিয়ে একটি পোস্ট দেওয়ার সময়ও একই ধরনের ভুল হয়েছে। সেখানে এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ সুবিধা লিখে দেয়, কুয়েতের তেলমন্ত্রীর সঙ্গে নয়, তিনি আলোচনা করেছেন কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে।
আকাজাওয়া আরও জানান, আরেকবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া তার পোস্টের অনুবাদেও ভুল নাম এসেছিল।
তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়ার বলেন, ‘এক্সের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনুবাদের টুলটি ঠিক করে।’


