বাংলাদেশের বিমান নিরাপত্তা যাচাইয়ে ১২ দিনের আইকাও অডিট শুরু

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা নিরীক্ষা শুরু হয়েছে বাংলাদেশে। সোমবার (২৬ অক্টোবর) থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলা এ নিরীক্ষায় দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করবে আইকাওর অডিট দল।
নিরীক্ষা কার্যক্রম সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বেবিচক চেয়ারম্যানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সংস্থাটির সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-ন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ)-এর আওতায় এ নিরীক্ষা পরিচালিত হচ্ছে।
ব্রিফিংয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা তদারকির কাঠামো ও কার্যক্রম তুলে ধরা হয়। বাংলাদেশের জাতীয় সমন্বয়ক মোহাম্মদ আলমগীর দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা সম্পর্কে আইকাওর অডিটর দলকে অবহিত করেন। পরে অডিট দলের টিম লিডার কলাম ভাইন ব্রিফিং দেন। এতে বিমান নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
নিরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার পূর্ণ সহযোগিতা চেয়েছেন এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। তিনি প্রয়োজনীয় নথি ও তথ্য নির্ভুলভাবে এবং নির্ধারিত সময়ে সরবরাহ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের জন্য প্রস্তুত রাখা এবং নিরীক্ষক দলের নির্ধারিত বিমানবন্দর ও স্থাপনায় প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জাতীয় সমন্বয়কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
জাতীয় ব্রিফিং শেষে আইকাওর অডিট দলের সদস্যরা বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, আইকাওর নিরাপত্তা নিরীক্ষা কেবল মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে বাংলাদেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থার সক্ষমতা পর্যালোচনা, অর্জন চিহ্নিত করা এবং উন্নয়নের ক্ষেত্র নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ। নিরীক্ষায় পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নিরীক্ষায় পাওয়া পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনমূলক কর্মপরিকল্পনা তৈরি এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়নে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ।
বেবিচক সূত্রে জানানো হয়েছে, ১২ দিনব্যাপী এ নিরীক্ষা ৬ নভেম্বর পর্যন্ত চলবে। এর মাধ্যমে দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে নিরীক্ষার ফলাফল বা সম্ভাব্য স্কোর সম্পর্কে ব্রিফিংয়ে কোনো তথ্য জানানো হয়নি।


