Advertisement

ছুটির দিনে দুই মেগা কনসার্ট, থাকবেন যেসব শিল্পী

এশিয়া পোস্ট নিউজ
ছুটির দিনে দুই মেগা কনসার্ট, থাকবেন যেসব শিল্পী
ছবি: সংগৃহীত

ছুটির দিনে রাজধানীতে থাকছে দুটি বড় আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ—দুই ভেন্যুতেই আজ অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট।

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের যৌথ সহায়তায় সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ১টায় গেট উন্মুক্তের পর বিকেল ৩টা থেকে শুরু হতে যাচ্ছে 'কনসার্ট ফর ডেমোক্রেসি'।

সম্পূর্ণ বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই কনসার্টের মঞ্চে রে-রে ব্যান্ডের উদ্বোধনী পারফর্ম্যান্সের পর পর্যায়ক্রমে সুরের জাদুতে দর্শকদের মাতাবে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস এবং সমাপনী আকর্ষণে থাকা কিংবদন্তি হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেইজ।

অন্যদিকে মানিক মিঞা অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে 'মনসুন কালচারাল অ্যালায়েন্স' ও 'দেশ গড়তে জুলাই জাগরণ'-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ওপেন-এয়ার কনসার্ট 'বর্ষা বিপ্লবের গান'।

এই উন্মুক্ত মঞ্চে সংগীতে কণ্ঠ মেলাবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েডরাফা, কুঁড়েঘর ও ব্যান্ড নীল। ব্যান্ডের পাশাপাশি মঞ্চে থাকছে পপ তারকা আসিফ আকবর এবং আন্দোলন-খ্যাত র‍্যাপ গান ‘কথা ক’-এর শিল্পী সেজানের পরিবেশনা।

বিশাল জনসমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভেন্যুগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পদক্ষেপ নিয়েছে।