মহাসড়কের সব রেলগেট ‘অটো সিস্টেম’ করা হবে: কৃষিমন্ত্রী

খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বের অন্যান্য দেশে মহাসড়কের রেলগেটগুলোকে আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। আজ এই এলাকায় গেটম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটত না। আমরা চেষ্টা করব, দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করার জন্য।
কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পদুয়ার বাজার রেলক্রসিং এলাকা পরিদর্শন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। এ সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব এলাকায় রেলক্রসিং রয়েছে, সেখানে ‘অটোমেটিক গেট’ নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে। আগামী দিনে যে বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে।
এ সময়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা সদর দক্ষিণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন শিশু ও তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত হন আরও ২৪ জন। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।