logo

জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ওসমানি স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সুচিকিৎসার লক্ষ্যে সমন্বিত ই-হেলথ কার্ড চালু করা হবে। ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্যবীমা চালু করা হবে।’

তারেক রহমান বলেন, ‘জেলা উপজেলাভিত্তিক হাসপাতালগুলোর চিকিৎসাসেবা উন্নত করা হবে। শহর এবং গ্রামের স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকারের কাজ চলমান।’

তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি সরকারের পরিকল্পনা রয়েছে। ক্রমান্বয়ে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সুচিকিৎসা নিশ্চিতে দেশের চিকিৎসকের সহায়তা দরকার। সরকারকে সহযোগীতায় প্রত্যেক চিকিৎসককে এগিয়ে আসাতে হবে। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করা হবে, বাকি সমস্যাগুলো পর্যায়ক্রমে করা হবে।’

অনুষ্টানে প্রধানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এর মধ্যে ৮০ ভাগই নারী কর্মী থাকবেন।