তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার তুরাগ নদ থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবিতে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে রোববার (২৮ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তুরাগ নদ থেকে ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়েছে। অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
তিনি জানান, ডিএমপির আওতাধীন তুরাগ, পল্লবী ও রূপনগর থানা এলাকায় এ ধরনের কোনো মরদেহ উদ্ধার বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোতে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও হয়নি।
ফারুক হোসেন বলেন, মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানাও পর্যালোচনা করা হয়েছে। প্রচারিত ঘটনার সঙ্গে ওই দুই থানার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।
গুজব বা বিভ্রান্তিকর তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার, বিশ্বাস কিংবা শেয়ার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে।
এক প্রশ্নের জবাবে যুগ্ম পুলিশ কমিশনার বলেন, শুরুতে গুজবটি এমনভাবে ছড়ানো হয়েছিল, যেন ঘটনাটি ডিএমপির আওতাধীন এলাকায় ঘটেছে। কিন্তু তদন্তে ডিএমপির কোনো থানা বা ইউনিটের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তাদের জানামতে, আমিনবাজার নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করে দারুসসালাম থানায় অপমৃত্যুর মামলা করেছে। বিষয়টি নৌ পুলিশের অধিক্ষেত্রের।
আরেক প্রশ্নের জবাবে মো. ফারুক হোসেন বলেন, ‘আমরা শুধু ডিএমপির আওতাধীন এলাকার বিষয়ে বলতে পারি। ডিএমপির মধ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ডিএমপির বাইরের কোনো বিষয়ে আমি মন্তব্য করব না।’





