logo
Advertisement

একাধিক ভাষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
একাধিক ভাষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
জাইকার প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যকার দূরত্ব কমাতে নতুন কারিকুলাম নিয়ে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে তৃতীয় ভাষা (থার্ড ল্যাঙ্গুয়েজ) শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তা কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি বিশেষ প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

জাইকার প্রধান কার্যালয়ের হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মোছিজুকি হিরোশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে শিক্ষা সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, একই বিভাগের উপদেষ্টা উসাগাওয়া সুয়োশি, সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইউকো, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আলিমুল হাসান এবং জাইকার কারিগরি শিক্ষা উপদেষ্টা দলের প্রধান সায়েরি মুটো উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার মান বাড়াতে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিকায়ন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে এবং উচ্চশিক্ষা ও গবেষণা খাতে জাইকা তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত করবে বলে তিনি আশাবাদী।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শেখা (বিশেষ করে জাপানি ভাষা) এবং কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।