logo

জামায়াত সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কখনোই বুঝতে চায়নি: শেখ রবিউল আলম

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জামায়াত সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কখনোই বুঝতে চায়নি: শেখ রবিউল আলম
ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: এশিয়া পোস্ট

জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কখনোই বুঝতে চায়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ রবিউল আলম বলেন, প্রতিষ্ঠার ৮৫ বছর পর এসে জামায়াত এবার প্রথম বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছে। কারণ, সাধারণ মানুষ কী চায় তা তারা কখনোই বুঝতে চায়নি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার পরবর্তী সময় কিংবা এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলন—কোনো সময়েই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি এবং কাকে সমর্থন দেওয়া উচিত তা বুঝতে ব্যর্থ হয়েছে। এমনকি ওয়ান-ইলেভেন সরকারের পরও তারা পরিস্থিতি অনুধাবন করতে পারেনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৪-এ এসে তারা হয়তো কিছুটা বুঝতে পেরেছিল, কিন্তু আবারও খেই হারিয়ে ফেলেছে। নাগরিকদের অধিকার, ঢাকা শহরের সুরক্ষা আর জনগণের দাবির পার্থক্য বুঝতে তারা সবসময় অপারগ হয়েছে। এ কারণেই প্রতিষ্ঠার পর থেকে তারা সর্বোচ্চ কেবল প্রধান বিরোধী দলই হতে পেরেছে, সরকার গঠনের কথা তো বহু দূরে।

ঢাকা শহরের যানজট ও অটোরিকশার বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তবে এসব রিকশা চলাচলের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালার আলোকে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত চালকদের মানবিক দিক বিবেচনা করে তিনি বলেন, নিয়ন্ত্রণ আরোপ করা হলে চালকদের কিছুটা কষ্ট হবে—এটি নিশ্চিত। তবে জনস্বার্থে ও নগরীর বৃহত্তর স্বার্থে এই অব্যবস্থাপনা থেকে উত্তরণ ঘটাতে সবাইকে একমত হতে হবে।

কাউকে ক্ষতিগ্রস্ত না করে আলোচনার মাধ্যমে নীতিমালা বাস্তবায়ন করা হবে জানিয়ে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে ঢাকা শহরকে অকার্যকর হতে দেওয়া হবে না।