নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ উৎপাদন, জরিমানা ২ লাখ

ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও বিক্রির প্রমাণ পেয়েছে র্যাব। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি কারখানা বন্ধ এবং বিপুল নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাতে র্যাব-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র্যাব-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানার মুসলিমাবাদ এলাকায় রোববার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকার বিএসটিআই কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তিনি জানান, অভিযানে চৌধুরাণী আয়ুর্বেদিকের স্বত্বাধিকারী মাহফুজা ইয়াসমিনকে ২ লাখ টাকা এবং আনোয়ার হোসেন (৪৫) নামে অপর এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরও একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে বিপুল নকল প্রসাধনী সামগ্রী ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সেগুলো ধ্বংস করা হয় বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্রা।
র্যাব আরও জানায়, ভেজাল, নকল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে। জনস্বার্থে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



