টানা দুদিন দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

ঘাটনি না থাকায় টানা দুদিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ, যা সাম্প্রতিক সময়ের তুলনায় স্বস্তিদায়ক পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) টানা দুদিন দেশ লোডশেডিং মুক্ত ছিল।
২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগামী সপ্তাহ থেকে আরও উন্নত হবে এবং লোডশেডিং ধীরে ধীরে কমে আসবে। তার এমন বক্তব্যের পর থেকেই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আশার কথা শোনা যাচ্ছিল।
তবে গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সরবরাহ সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়, যার প্রভাব বিদ্যুৎ উৎপাদনে পড়েছিল। সে সময় গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং ব্যবস্থাপনায় সমন্বয়ের কথা জানানো হয়।
এ ছাড়া ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংসদে তিনি বলেন, বৈষম্য মুক্ত করার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।