logo

পরিবহনের নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত আজ

পরিবহনের নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।

এদিকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এটি বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক। তার দাবি, ভাড়া বাড়ানো হলেও তা হতে হবে যৌক্তিক হারে।

এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

এর আগে গত রোববার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয় থেকেই খসড়া প্রস্তাব চুড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম অনুযায়ী, ১৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, ২০ টাকা বাড়িয়ে অকটেন ১৪০ টাকা এবং ১৯ টাকা বাগিয়ে পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩০ টাকা। নতুন নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।