সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগে প্রায় ৮০ শতাংশই থাকবেন নারী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে।
পাশাপাশি আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ ব্যবস্থাও রাখা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।




